বেনাপোল স্টেশনের টিকিট বুকিং সহকারী বরখাস্ত

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:১৩ এএম

রেলওয়ের কর্মকর্তাদের ‘কার্ডপাস’ টিকিটের গোপন পাসওয়ার্ড চুরি করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে বরখাস্ত করা হয়েছে বেনাপোল রেলস্টেশনের টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুনকে। তার বিরুদ্ধে অভিযোগ, পাসওয়ার্ড চুরি করে লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন তিনি।

বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুষ্টিয়ার দৌলতপুর রেলওয়ে স্টেশনে কর্মরত টিকিট বুকিং সহকারী (গ্রেড-২) এনামুল হক মামুন গত ৭ জানুয়ারি বেনাপোল রেলওয়ে স্টেশনে ডেপুটেশনে যোগ দেন। এখানে যোগদানের পর তিনি রেলের কর্মকর্তাদের গোপন পাসওয়ার্ড চুরি করে তাদের শীতাতপনিয়ন্ত্রিত ৪ সিটের প্রতিটি কেবিন ৪ হাজার ৪৬৪ টাকায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিকভাবে তার হাত দিয়ে বিক্রি করা ৪ লাখ টাকার টিকিট ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে। তা ছাড়া তিনি কার্ডপাসের মাধ্যমে ব্লক করে যাত্রীদের কাছে নগদ অর্থেও টিকিট বিক্রি করেছেন লাখ লাখ টাকার। তদন্ত ছাড়া টাকার পরিমাণ বলা সম্ভব নয়। ঘটনা তদন্তে গঠন করা তিন সদস্যের একটি কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় অভিযুক্ত টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুন বলেন, ‘আমি দোষ স্বীকার করেছি। আমাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত