চলতি আগস্ট মাসের গত ২০ দিনেই দেশে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৬৮৪ জন। এর আগে এ বছরের সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড ছিল গত জুলাই মাসে। সে মাসে রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ৫৭১ জন। সে হিসেবে গত ২০ দিনেই ডেঙ্গুর নতুন রেকর্ড হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২০ দিনে দৈনিক রোগী ভর্তি হয়েছে গড়ে ৮৪ জন করে। সেখানে সর্বোচ্চ রোগীর মাস জুলাইয়ে দৈনিক গড় রোগী ছিল ৫১ জন। অর্থাৎ চলতি মাসে তার আগের মাসের তুলনায় দৈনিক গড় রোগী বেড়েছে ৩৩ জন করে। এ নিয়ে জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৪৪ জন। এর মধ্যে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৬, ফেব্রুয়ারিতে ২০, মার্চে ২০, এপ্রিলে ২৩, মে মাসে ১৬৩ ও জুনে ৭৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা শহরে। এ বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ঢাকা শহরেই ভর্তি হয়েছে ৩ হাজার ৬১৮ জন। এ সময়ে ৭২৬ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত মারা গেছে ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৮ জন ও বাকি ১০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আরও ১১৬ রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন ও বাকি ২০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে এ বছরের সর্বোচ্চ ১২৮ রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল। তারও আগে গত ১৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১১৬ রোগী। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হলো। এর আগে অবশ্য ১৪ আগস্ট ১১৬ রোগী ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৩০ রোগী ডেঙ্গু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৬৪ জন ও ঢাকার বাইরে ২০ জন।
