খুমেক হাসপাতালে ৩২ দালালকে জেল-জরিমানা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:৫৪ এএম

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দালাল চক্রের ৩২ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি ১৪ জনকে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে আর বাকিদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, খুলনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষদের দালালরা প্রতিনিয়ত ঠকায়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব খুমেক হাসপাতালে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে।

এ বিষয়ে র‌্যাবের পরিচালক লে. কর্নেল মোশতাক আহমদ বলেন, স্বাস্থ্যসেবা আমাদের একটি মৌলিক চাহিদা। নাগরিক তার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। হাসপাতাল ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বড় পরিসরে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। দালাল চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয় র‌্যাব। বিভিন্ন বিচার বিশ্লেষণ করে ৩২ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাকিদের অর্থদন্ড দেওয়া হয়েছে। নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে যে বাধা দেবে তাকে আইনের আওতায় আনা হবে। সামনে অভিযান আরও জোরদার করা হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, দালালদের ২ সপ্তাহের বেশি সময় ধরে টার্গেট করে রাখা হয়েছে। গোয়েন্দা তৎপরতা চালিয়ে সোমবার তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা খুলনার বাইরের রোগীদের ভুল বুঝিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যায়। তারা সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিতে বাধা দেয়।

হাসপাতালের পরিচালক মো. রবিউল হাসান বলেন, মাঝেমধ্যে আমরা অভিযান চালাই। অভিযান সফল হয় না। অভিযানের খবর পেয়ে অনেকেই পালিয়ে যায়। র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এদের আটক করতে সক্ষম হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত