২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮... চারটা বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে লিওনেল মেসি তার দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি একবারও। একবার খুব কাছে চলে গিয়েছিলেন অবশ্য। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে যোগ করা অতিরিক্ত সময়ে গোল খেয়ে আর বিশ্বকাপ স্বপ্ন সত্যি করা হয়নি মেসির। তবে ৮ বছর পর এই আক্ষেপটা এবার ঘুচতে যাচ্ছে তার, বিশ্বাস জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানের।
‘১৯৯০ সালের পর থেকে আরও দুটো কাপ বেশি জেতা উচিত ছিল। সেটা এ বছরই হতে পারে। কেন নয়? এমনটা হোক এটা চাই আমি। বিশেষ করে লিওর জন্য। আশা করছি, সে এটা জিতবে এবার। এটা তার জন্য বড়দিনের উপহার হবে।’ এক সাক্ষাৎকারে এ আশা জানিয়ে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ বলেছেন, ‘সত্যি বলতে, আমি মনে করি যে একটা দলকে ফেভারিট হিসেবে দেখতে হলে তাদের বাছাইপর্বের দিকে তাকাতে হবে আপনাকে। সে মানদণ্ডে বিশ্বকাপের দৌড়ে ব্রাজিল আর আর্জেন্টিনা ইউরোপিয়ানদের থেকে এগিয়েই আছে।’
বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। ৩৩ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি লিওনেল মেসির দল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড থেকে মাত্র চার ম্যাচ দূরে অবস্থান করছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
