গণসংহতির সচিবালয় ঘেরাও কর্মসূচি পণ্ড

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:৩৮ এএম

জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে গণসংহতি আন্দোলনের সচিবালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে গণসংহতির মিছিলটি জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দলটির চার কর্মী আহত হয়েছেন। তারা হলেন গণসংহতির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুয়েল হোসেন, আরমানুল হক ও সৌরভ। এরপর তারা জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমানে আমাদের মাথাপিছু আয় কত, তা চা শ্রমিকরা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন। অথচ সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন। তারা তো রাষ্ট্র দখল করতে আসে নাই। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না। দিন দিন চা পাতার দাম বাড়ছে। চায়ের রপ্তানিও বেড়েছে। তাহলে শ্রমিকদের বেতন বাড়ে না কেন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের দীপক রায়, বাচ্চু ভূঁইয়া, মাসুদ রানা, মনির উদ্দিন, জুলকার নাইন বাবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত