গত ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর ইউক্রেনের পুনর্জন্ম হয়েছে বলে মন্তব্য করে শেষ পর্যন্ত লড়াই করার প্রতিজ্ঞা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতার ৩১ বছর পূর্তি উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই প্রতিজ্ঞা করতে শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্টকে।
জেলেনস্কি বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় পৃথিবীতে একটি নতুন জাতির আবির্ভাব ঘটেছে। এর জন্ম হয়নি, পুনর্জন্ম হয়েছে। এমন এক জাতি যারা কাঁদেনি, চিৎকার করেনি বা ভয় পায়নি।এমন এক জাতি যারা পালিয়ে যায়নি, হাল ছাড়েনি আর ভুলে যায়নি’।
জেলেনস্কি আরও বলেন, ‘আপনার কত বড় সেনাবাহিনী আছে তা আমরা ভাবি না, আমরা কেবল আমাদের ভূমির কথা ভাবি। আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়াই করব। আমরা ছয় মাস ধরে শক্তভাবে লড়াই ধরে রেখেছি। এটা কঠিন কিন্তু আমরা আমাদের মুঠো শক্ত করে রেখেছি এবং আমরা আমাদের ভাগ্যের জন্য লড়াই করছি’।
তিনি বলেন, ‘আমাদের জন্য যুদ্ধের শেষ কি? আমরা বলতাম, শান্তি, এখন আমরা বলি বিজয়’।
তিনি বলেন, ‘আমাদের মাথায় বন্দুক তাক করার ভয়ে আমরা কোনো সমঝোতা করবো না। আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, বিমান বা ট্যাঙ্ক নয় বরং পরাধীনতার শেকল। বেড়া নয়, পরাধীনতার শেকল আমাদের জন্য বেশি ভয়ংকর’।
রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্বাঞ্চলের ডনবাস পুনরুদ্ধার ব্যক্ত করে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। আবার ক্রিমিয়া দিয়েই যুদ্ধ শেষ হবে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের শুরু থেকেই যুদ্ধে এই ভূখণ্ডকে কাজে লাগাচ্ছে মস্কো।
