রাজধানীর মুগদা থানাধীন টিটিপাড়া রাস্তা থেকে ২০ কেজি গাঁজা ও ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট সার্জেন্ট খন্দকার মহিউদ্দিন ফারুক।
বুধবার রাতে রাস্তায় দায়িত্ব পালনকালে স্টার লাইন বাস কাউন্টারের সামনে রং পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার কাছে গেলে দুজন নারীকে দ্রুত একটি লাগেজ ও কয়েকটি ব্যাগসহ সিএনজিতে উঠতে দেখেন। এতে ট্রাফিক সার্জেন্টের সন্দেহ হলে নারী যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন।
নারী যাত্রীরা বলেন, আমাদের বোন জুরাইনে থাকেন। তিনি সৌদি আরব যাবেন। তার কাছে চালের গুঁড়া পৌঁছে দেয়ার জন্য যাচ্ছি। তাদের এসব কথাবার্তায় মনোপুত না হয়ে একটি ব্যাগ খুলেই দেখেন, ব্যাগভর্তি গাঁজা। এরপর অন্যন্যা ব্যাগ খুলে ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
সার্জেন্ট খন্দকার মহিউদ্দিন ফারুক দেশ রূপান্তরকে জানান, গাঁজা ও ফেনসিডিল জব্দ করার পাশাপাশি দুই নারীকে আটক করে মুগদা থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
