বগুড়ার নন্দীগ্রামে টিসিবির তেল, চিনি, ডাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করেছিলেন রিফাত হোসেন নামে এক ডিলার। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কোহলী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৮ লিটার তেল, ২৭ কেজি চিনি ও ৩৪ কেজি ডাল জব্দ এবং ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।
বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কোহলী বাজারে টিসিবির পণ্য মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন শিফা নুসরাত। অভিযানে কোহলী বাজারে ব্যবসায়ী রিফাত হোসেনের মেসার্স জান্নাতুন রিফা নামে দোকানের পাশে একটি বাড়ি থেকে টিসিবির পণ্য মজুদ অবস্থায় জব্দ ও ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
