বর্তমানে দেশে ভয়াবহ ফ্যাসিবাদী বাস্তবতা : ফখরুল

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৩৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে একেবারে নিরেট যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী। একটা মনোস্টার আমাদের সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা এটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেখানে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।’

গতকাল শুক্রবার ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘কবি নজরুল ইসলাম বিশ্ব মানবতার কবি। শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষকে জাগিয়ে তুলবার জন্য তার কবিতা সব সময় সবকালেই মানুষকে অনপ্রাণিত করেছে। আজকের এই দিনে দেশের যে অবস্থা তাতে কাজী নজরুল ইসলাম খুব বেশি প্রাসঙ্গিক। কবিরা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে জাগিয়ে তোলেন। আমার মনে হয় কাজী নজরুল ইসলামকে যদি এই সময়ে স্মরণ করি আরও বেশি অনুপ্রাণিত হব।’

তিনি বলেন, ‘ভোলায় আমার ভাই নুরে আলমকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের সব নেতাকর্মীর ওপর নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এসব পরিস্থিতিতে নজরুল ইসলাম আমার কাছে বেশি প্রাসঙ্গিক মনে হয়, অনেক বেশি তাকে অনুসরণ করতে আমার ইচ্ছা করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে নজরুল ইসলামকে উপেক্ষা করা হয়। তাকে বাদ দিয়েই বাংলা সাহিত্যের পাঠ্যক্রমের মধ্যে তার বই থাকে না, কবিতা থাকে না। আমি লক্ষ করেছি, ইলেকট্রনিক মিডিয়াগুলোতে নজরুল ইসলামের গান খুবই কম সম্প্রচার করা হয়। রেডিওতে কী হয় আমি বলতে পারব না। গণমাধ্যমে তাকে নিয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হয় না। এটা হচ্ছে চরম সংকীর্ণতা।’

নজরুল গবেষক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুব হাসান, জসিম উদ্দিন, বাবুল আহমেদ, ইফতেখার আলম মাসউদ, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত