বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা

সৈয়দপুরে ৫ দিন ধরে লাপাত্তা তিন পরিবার

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:১১ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ার তিন ভাইয়ের পরিবারের সদস্যদের পাঁচ দিন ধরে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বসতভিটা ও ব্যবসাপ্রতিষ্ঠানে রয়েছে তালা। গতকাল রবিবার গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার পর্যন্ত পরিবারগুলো গ্রামেই ছিল। কিন্তু বুধবার সকাল থেকে তাদের আর দেখা যায়নি। তাদের ভাষ্য, তারা তিন ভাই বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকার ঋণ নিয়েছিলেন।

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন জানান, ভুজারীপাড়া গ্রামের মৃত গণেশ চন্দ্র সূত্রধরের তিন ছেলে কমল চন্দ্র সূত্রধর (৫৬), পরিমল চন্দ্র সূত্রধর (৫২) ও নির্মল চন্দ্র সূত্রধর (৪৮)। তাদের মধ্যে বড় ভাই কমল পেশায় একজন দিনমজুর। অন্য দুই ভাই পরিমল ও নির্মল ব্যবসায়ী। এলাকার পোড়ারহাটে পরিমলের মিষ্টির  দোকান এবং নির্মলের ধান-চালের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ী দুই ভাই বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারদের চাপ ছিল। এ কারণে তারা নিরুদ্দেশ হয়েছেন হয়তো।

গ্রামের এক গৃহবধূ জানান, গত মঙ্গলবার দিনের বেলায় ওই তিন পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। কিন্তু পরদিন বুধবার সকালে বাড়িগুলোর প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। তাদের অনেক দেনা হয়েছে বলে শুনেছেন।

ওই গ্রামের আরেক বাসিন্দা রাব্বী ইসলাম জানান, প্রতিদিনই বিভিন্ন পাওনাদার তাদের খোঁজে বাড়িতে আসছেন। এদের পাকা বাড়িসহ ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদ নেই।

নীলফামারী সদরের কাজিরহাট শাখার ব্র্যাক ম্যানেজার আইয়ুব আলী জানান, তাদের শাখা থেকে নির্মল সূত্রধর ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। যার মাসিক কিস্তি ৩৮ হাজার টাকা। গত বৃহস্পতিবার ঋণের প্রথম কিস্তির টাকা তুলতে গিয়ে প্রতিনিধিরা তাদের বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখেছেন।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান ঘটনাটি আমাকে অবগত করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যানকে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত