যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই ওই দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই ওই দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। যারা আবেদন করছেন, যদি দেখি যে ক্রাইরেটিয়া মেলে নাÑ তাহলে তো দিতে পারব না।’
অন্য নামেও হলে কি নিবন্ধন পাওয়ার সুযোগ আছেÑ এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘অন্য নামে হলেও জিনিস তো একই। দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে তো কোনো সুযোগ নেই। আদালতের আদেশ পরিবর্তন হলে তো সেটা অন্য বিষয়।’
প্রসঙ্গত, ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি জামায়াতের নিবন্ধন নিয়ে এক রিট পিটিশন দায়ের করেন। কয়েক দফা শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট এক রায়ে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ও আইনগত অকার্যকর ঘোষণা করে।
নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে আসা, না আসা গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার আমরা হস্তক্ষেপ করতে পারব না। তারা কী ধরনের সহযোগিতা চায় তা আমাদের কাছে এসে বলতে হবে এবং এমন সহায়তা চাইবে যেটা নির্বাচন কমিশনের দেওয়ার ক্ষমতা আছে।’
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএম নিয়ে যারা আলোচনা করেছেন, মতামত দিয়েছেন তাদেরকেই আমরা আমলে নিয়েছি। বিএনপি তো আলোচনায় আসেনি। আমরা পর্যালোচানা করে দেখেছি ইভিএমের পক্ষেই বেশি বলেছেন।’
অতিরিক্ত ইভিএম কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে ইভিএম নিই। তারাও তো নিজেরা তৈরি করে না, বিদেশে থেকে আনে। সচিবালয় বলেছে আগামী তিন মাসের মধ্যে তারা প্রজেক্ট করতে পারবে। পরবর্তীতে ক্রয় ও প্রশিক্ষণে তারা যেতে পারবে বলে মনে করছে। যদি বিদেশ থেকে আনতে এবং ফান্ড নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে ১৫০ আসনে সম্ভব।’
