কুঁজো বুড়ির গল্পে নাতনির বাড়ি থেকে ফেরার সময় বুড়িকে বাঘ-শেয়ালের হাত থেকে বাঁচতে ঢুকতে হয়েছিল মস্ত এক লাউয়ের খোলে। পুরোপুরি গল্পের মতো না হলেও বিশ্বরেকর্ড গড়তে নিজের ফলানো বিশাল মিষ্টিকুমড়ার খোল কাজে লাগিয়েছেন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের বেলভিউ নগরের বাসিন্দা ডুয়েন হ্যানসেন। কুমড়ার খোলে বসে ৬১ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। গত ২৭ আগস্ট কুমড়ার খোল বেয়ে মিসৌরি নদীতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা। একেবারেই ভিন্ন এই অর্জনের মাধ্যমে নিজের ৬০তম জন্মদিনে নতুন মাত্রা যোগ করেন তিনি। তার রেকর্ড গড়া দেখেছেন স্থানীয় কর্মকর্তারাও। বিশ্বরেকর্ডের সাক্ষী হিসেবে থাকার অনুরোধ ফেলতে পারেননি তারা। কুমড়ার নৌকায় চেপে সকাল সাড়ে ৭টায় ভ্রমণ শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টায় লক্ষ্যে পৌঁছান হ্যানসেন। এক ফেইসবুক পোস্টে অভূতপূর্ব কুমড়ার খোলে ভ্রমণ দেখে নিজেদের অনুভূতি তুলে ধরেছেন বেলেভিউ কর্মকর্তারা। পোস্টে তারা লিখেছেন, ‘যদি আপনি নিজের কাজে লেগে থাকেন তাহলে সবই সম্ভব।’
হ্যানসেনের শখ সবজি বাগান করা। বাগানে বিশাল আকারের মিষ্টিকুমড়া, লাউসহ নানা সবজি ফলিয়ে আসছেন তিনি। হঠাৎই নিজের ফলানো মিষ্টিকুমড়ার খোলে চেপে নদীপথে রেকর্ড গড়ে জন্মদিন উদযাপনের কথা মাথায় আসে তার। যেমনি ভাবা তেমনি কাজ! নিজের ফলানো ৩৮৪ কেজির মিষ্টিকুমড়ার ভেতরের অংশ ফেলে ফাঁপা খোল দিয়ে নৌকা বানিয়ে সেটায় বসে নদীপথে রেকর্ড গড়ে দেখান তিনি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, হ্যানসেনের আগে ২০১৮ সালে কুমড়ার খোলের নৌকায় চেপে ৪১ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার রিক সয়েনসন নামের এক ব্যক্তি।
