চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার, নিজ ওয়ার্ডে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ডা. সাইফুদ্দীন আহমেদ (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চমেকের ১২নং হৃদরোগ বিভাগে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ডা. সাইফুদ্দীনকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন তিনি।
দুই সন্তানের জনক ডা. সাইফ ছাত্রজীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে ডা. সাইফুদ্দীন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চমেক হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে।
