১৩ বছরে ১ লাখ ৩৩ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪ পিএম

২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ১৩ বছরে সারা দেশে ১ লাখ ৩৩ হাজার ২৪৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে অর্থদ- দিয়েছে অধিদপ্তর। যাতে জরিমানা আদায় করা হয়েছে ৯২ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৩৪২ টাকা।

পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগ নিষ্পত্তি করে ৭ হাজার ৮০৬ প্রতিষ্ঠানকে ৫ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৭ হাজার ৬৯৩ অভিযোগকারী পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৮০২ টাকা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোক্তা অধিদপ্তরের ২৪তম সভা হয়। অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে চলতি বছর ২৭ আগস্ট পর্যন্ত জরিমানার এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে আদায় করা জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৭ হাজার ৬৯৩ জন অভিযোগকারীকে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৮০২ টাকা দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভোক্তা স্বার্থ সুরক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজারজাতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিরলস কাজ করতে হবে। কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

সভায় বক্তারা ভোক্তা-অধিকার বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার, মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন এবং ঢাকাসহ জেলাপর্যায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর অংশগ্রহণে গণশুনানি আয়োজনের বিষয়ে গুরুত্ব দেন। পাশাপাশি শিশুখাদ্য, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, নকল, ভেজাল ওষুধ পণ্যসহ গুরুতর অপরাধের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মামলাসহ কঠোর শাস্তি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে পণ্য বা সেবা নিয়ে কেউ প্রতারিত হলে তিনি অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার টাকার ২৫ শতাংশ পান অভিযোগকারী। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক ড. নজরুল আনোয়ার। সভাটি সঞ্চালনা করেন পরিষদের সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত