আগস্ট মাসে সারা দেশের সড়কপথে ৩ হাজার ৭৫৭টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৬০৩ জন। নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর এবং যাদের অধিকাংশই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য রোড।
২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারা দেশে সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর এবং অধিকাংশই শিক্ষার্থী। বাকিদের মধ্যে ২০ শতাংশ বৃদ্ধ, যাদের বয়স ষাটোর্ধ্ব। বাকি ৩০ শতাংশের বয়স ২৫ থেকে ৬০ বছর। আগস্টে ঘটা মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে। এসব দুর্ঘটনায় আগস্ট মাসে আহত হয়েছে ২ হাজার ৯৯০ জন।
সংস্থাটির তথ্য অনুযায়ী অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৮৩৯টি। এতে মারা গেছে ৬৮ জন ও আহত হয়েছে ৫৬০ জন। খানাখন্দক, বিশ্রাম ব্যতীত একটানা পরিবহন চালানোর কারণে বাস দুর্ঘটনা ঘটেছে ৮৯৬টি। এতে নিহত হয়েছে ২৫৫ জন ও আহত হয়েছে ৯১৮ জন। পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারিচালিত রিকশা-সাইকেল ও সিএনজি অটো দুর্ঘটনা ঘটেছে ৯৬০টি। এসব দুর্ঘটনায় মারা গেছে ১৮৮ জন ও আহত হয়েছে ৭৬২ জন।
সেভ দ্য রোড আরও জানিয়েছে, গত মাসে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৫৫টি। এতে মারা গেছে ১৫ জন, নিখোঁজ রয়েছে ৩৪ জন ও আহত হয়েছে ৩৭৭ জন। রেলপথে দুর্ঘটনা ঘটেছে ১৬৬টি। এতে মারা গেছে ১৯ জন ও আহত হয়েছে ১৭৪ জন। এ সময় আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন।
প্রতিবেদনে সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনো পদ্মা সেতুতে বাইকলেন করার আহ্বান জানিয়েছিলাম। তখনই বাইকলেনের ব্যবস্থা করা হলে এখন আর পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করতে হতো না।
প্রতিবেদনে সারা দেশে সব সড়ক, মহাসড়ক ও সেতুতে অনতিবিলম্বে বাইকলেন, গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন, সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার পরপর পুলিশ বুথ স্থাপনের সুপারিশ করা হয়।
