দুমকিতে অধ্যক্ষ পেটানোর মামলায় গ্রেপ্তার ২

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে মাদ্রাসার অধ্যক্ষকে পেটানোর মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল গেট এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের পটুয়াখালী সদর থানার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুমকি থানার এসআই মামুনের নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ টিম পটুয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে মামলার অন্যতম আসামি মাও. মজিবুর রহমান কামাল (৪৫) ও মোসা. ফজিলাতুন্নেছাকে (৩৫) আটক করে সদর থানা হেফাজতে পাঠায়। 

গত বুধবার (৩১ আগস্ট) সকালে নিয়োগ সংক্রান্ত পূর্ব বিরোধ এবং মাদ্রাসায় অনুপস্থিতিতে শো'কজের জের ধরে মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মজিবুর রহমান কামাল ও তার স্বজনরা অধ্যক্ষ মাওলানা কাজী শাহজালকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। ওই হামলার ঘটনায় দুমকি থানায় দায়ের করা মামলায় আসামিদের পুলিশ গ্রেপ্তার করেছে।

দুমকি থানার ওসি আবদুস সালাম আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

অপর আসামিদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত