আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ এএম

চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের মনু-দলই ভ্যালি ক্লাবের মাঠ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন চা শ্রমিকেরা। এ কনফারেন্সটি প্রজেক্টরের মাধ্যমে অন্যান্য চা বাগানেও দেখানো হবে।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে এরই মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের মনু-দলই ভ্যালি ক্লাবের মাঠ থেকে মূল কনফারেন্সটি প্রচারিত হবে। অন্যান্য চা বাগানে প্রজেক্টরের মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি দেখানো হবে।

মীর নাহিদ আহসান আরও জানান, প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, তাদের সুখ-দুঃখের কথা শুনবেন। আবার শ্রমিকদেরও শোনাবেন আশার বাণী।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী দেশ রূপান্তরকে জানান, শনিবার বিকেলে তাদের ভ্যালি ক্লাবের মাঠ থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন চা শ্রমিকেরা। এ সময় অন্যান্য চা শ্রমিক প্রতিনিধিকেও উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত শনিবার বিকেলে ১৭০ টাকা মজুরি নির্ধারণের পর চা শ্রমিকদের খোঁজখবর নিতে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত