রায়ান বার্লের ক্রিকেট ক্যারিয়ারটা সংগ্রামীই বলা চলে। সেটা স্পষ্ট হয় গত বছরের ২২ মে তার একটি টুইট দেখলে। একটা ছবি পোস্ট করে জিম্বাবুয়ের লেগ স্পিনার লিখেছিলেন, ‘সিরিজ শেষে যেন আঠা দিয়ে জুতো সারতে না হয়, সেজন্য আমরা কি কোনো স্পনসর পেতে পারি?’ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
মাঝখানের সময়টাতে বার্ল নিজেকে জিম্বাবুয়ের অপরিহার্য ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন। এই তো গত আগস্টেই হারারেতে ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশের নাসুম আহমেদের ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে টি–টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলেন। আর আজ টাউন্সভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গড়েছেন আরও বড় কীর্তি। ওয়ানডেতে কোনো ম্যাচে সবচেয়ে কম ওভার বল করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন জিম্বাবুয়ের এই লেগস্পিনারের।
তিন ম্যাচের সিরিজ আগেই জিতে নেওয়া অস্ট্রেলিয়া আজ তৃতীয় ম্যাচে বড় ধাক্কাই হজম করেছে। আর সেই ধাক্কাটা দিয়েছেন বার্ল। আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে অলআউট করে দেওয়ার পথে বার্লের বোলিং ফিগার দেখুন ৩–০–১০–৫!
ম্যাচের ২৭তম ওভারে আক্রমণে আসেন বার্ল। অস্ট্রেলিয়া তার আগেই ৫ উইকেটে ১২৮ রান তুলে খানিকটা চাপে ছিল। তবে উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার থাকায় তেমন চিন্তাও ছিল না স্বাগতিকদের। দেখেশুনে খেললে স্কোরটা জিম্বাবুয়ের নাগালের বাইরে নিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু ২৭তম ওভারে শেষ তিন বলের ব্যবধানে ম্যাক্সওয়েল ও অ্যাশটন অ্যাগারকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অশুভ ইঙ্গিত দেন বার্ল।
নিজের পরের ওভারে শেষ বলে ওয়ার্নারকেও তুলে নেন বার্ল। এরপর ৩১তম ওভারে (বার্লের তৃতীয় ওভার) শেষ চার বলের মধ্যে নেন আরও ২ উইকেট। এবার তাঁর শিকার মিচেল স্টার্ক ও অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান জস হ্যাজলউড। মোট ১৮ বলের ব্যবধানে নেন ৫ উইকেট!
ওয়ানডেতে সবচেয়ে কম বলের মধ্যে ৫ উইকেট নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাসের। ২০০৩ বিশ্বকাপে পিটারমারিজবার্গে বাংলাদেশের বিপক্ষে ১৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন ভাস। অর্থাৎ, এই সংস্করণে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় বার্ল।
ওয়ানডেতে বার্লের আগে সবচেয়ে কম ওভার বল করে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি দখলে রেখেছিলেন কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৮৬ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ৪.৩ ওভারে ৫ উইকেট নেন। সে ম্যাচে তাঁর বোলিং ফিগার ৪.৩–৩–১–৫!
ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও এ ম্যাচেই গড়েছিলেন ওয়ালশ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৪.৪ ওভারে মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের পেসার স্টুয়ার্ট বিনি। সেটি আবার ওয়ানডেতে সবচেয়ে কম ওভারে ৬ উইকেট নেওয়ার রেকর্ড।
এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে আরও একটি রেকর্ড গড়েছেন বার্ল। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার এখন জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার।
