বনানীতে ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ এএম

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ ও সিন্থেথিক গাঁজা উদ্ধার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় সামাহ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল থেকে এ অভিযান পরিচালিত হয় বলে দেশ রূপান্তরকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বনানীর এম ব্লকের ১১নং সড়কের ৭৭নং বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে ফরেন লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ ও সিন্থেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাট থেকে সেলিম সাত্তার নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কানাডা ও বাংলাদেশ দুই দেশের নাগরিক বলে জানা গেছে। এ ছাড়া জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক।

গতকাল সন্ধ্যায় অভিযান শেষে ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর (উত্তর) উপপরিচালক রাশেদুজ্জামান বলেন, এখানে মাদকের আসর বসত। হতো মাদকের বেচাকেনাও। ফ্ল্যাটের মালিক বিষয়টি স্বীকার করেছেন। সেলিম সাত্তারের ফ্ল্যাটটিতে শতাধিক শিল্পমূর্তি আছে। সেগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা স্থানীয় একজন স্বর্ণালঙ্কার কারিগরকে ডেকে ছিলাম। তিনি প্রাথমিকভাবে দেখে জানিয়েছেন, এসব মূর্তি কষ্টিপাথরের নয়, পোড়া কাদায় তৈরি মূর্তি। বিষয়টি প্রতœতত্ত্ব বিভাগকে জানানো হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেলিমের মাদক সেবন কিংবা বিক্রি কোনোটারই বৈধ লাইসেন্স নেই। এখানে বার পরিচালনারও অনুমোদন নেই।

ফ্ল্যাটটিতে সেলিম সাত্তারের সঙ্গে তার স্ত্রী সায়মা মোস্তফা শশীও থাকেন। তাদের দেখভালের জন্য দুজন কাজের লোকও আছে। মাদক কারবারে স্ত্রীর যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান উপপরিচালক রাশেদুজ্জামান। তিনি জানান, আটক হওয়া সেলিম সাত্তারের বিরুদ্ধে বনানী থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত