পাশে থাকছে রূপায়ণ গ্রুপ

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে হকির নবযাত্রা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ এএম

মরা হকিতে জোয়ার নামছে। ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে নতুন যুগে পা রাখতে যাচ্ছে দেশের হকি। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস ও টি-স্পোর্টসের সঙ্গে মিলে বাংলাদেশ হকি ফেডারেশন আগামী অক্টোবর-নভেম্বরে আয়োজন করতে যাচ্ছে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর মধ্যেই দেশের পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হিসেবে এইস-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তিও করেছে। তাদেরই একটি আবাসন শিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ।

তারা ছাড়াও একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও ক্রিকেট তারকা সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্টও একটি করে ফ্র্যাঞ্চাইজি কিনেছে। একটি ফ্র্যাঞ্চাইজি এখনো চূড়ান্ত হয়নি। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এইস-এর চুক্তি স্বাক্ষর ও ফ্র্যাঞ্চাইজি পরিচিতি হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এছাড়া বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান ও এইস-এর প্রধান পৃষ্ঠপোষক সাফওয়ান সোবহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রূপায়ণ গ্রুপের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও মোনার্ক মার্টের পক্ষে ছিলেন সাকিব আল হাসান।

বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাফওয়ান সোবহান দীর্ঘমেয়াদে এই টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমরা সবসময় দীর্ঘমেয়াদি চিন্তা করেই আগাই। আমাদের খুব ভালো একটা পরিকল্পনা আছে যাতে সুন্দর একটা টেকসই বিজনেস মডেল দাঁড় করাতে পারি এই লিগের জন্য। কঠিন চ্যালেঞ্জ বলেই বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। তাছাড়া রূপায়ণ গ্রুপ, ওয়ালটন গ্রুপ, সাইফ পাওয়ারটেক, একমি, মোনার্ক মার্টের মতো প্রতিষ্ঠান যারা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে, এভাবে এগিয়ে এলে শুধু হকি নয়, যে কোনো খেলাই এগিয়ে যাবে।’

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল জানালেন হকির সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার গল্প। একই সঙ্গে হকির পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। হকিকে কতদূর নিয়ে যেতে চান, এমন প্রশ্নে রাতুল বলেন, ‘আসলে দূরের সীমাটা সীমাহীন রাখতে চাই। এখানে আমাদের নেতৃত্ব দিচ্ছে তরুণ কয়েকজন উদ্যোক্তা। তাদের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ তিনি যোগ করেন, ‘রূপায়ণ গ্রুপ ক্রীড়াজগতের সঙ্গে অনেক আগে থেকেই ছিল। আমাদের চেয়ারম্যান (লিয়াকত আলী খাঁন মুকুল) শেখ রাসেল ক্রীড়াচক্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের মূল উদ্দেশ্য আবাসন শিল্প প্রসারের পাশাপাশি দেশের মানুষের জন্য এবং দেশের তরুণদের জন্য কিছু করা। আমরা যেমন আবাসন শিল্পটাকে সুন্দর করেছি, তেমনই ক্রীড়াজগৎটাকেও সুন্দর করতে চাচ্ছি। এখন হকির সঙ্গে জড়িত হচ্ছি। আমরা যাদের দেশকে দেওয়ার সামর্থ্য আছে, আমরা যদি এই খেলাগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাতে দেশের পরিচিতিটা তরুণদের কাছে খেলার মাধ্যমে হবে এবং তাদের মধ্যেও একটা স্বপ্ন তৈরি হবে।’

ক্রিকেটে বেশ ভালোভাবে আছে মোনার্ক মার্ট। তারা গতবার ছিল বিপিএল-এর দল ফরচুন বরিশালের সঙ্গে। সম্প্রতি তারা পাশে দাঁড়িয়েছে গলফার সিদ্দিকুর রহমানের। ধীরে ধীরে অন্যান্য খেলায়ও বিনিয়োগ করতে শুরু করেছে মোনার্ক মার্ট। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা আবুল খায়ের বলেন, ‘আমাদের মোনার্ক গ্রুপ, আসলে সাকিব আল হাসানের। সাকিব সারা বিশ্বের কাছে হিরো। তিনি অন্য খেলাগুলোর কথা ভাবেন বলেই আমাদের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে আমরা অন্য খেলাগুলোতেও অংশগ্রহণ করব। গত বিপিএলে ফরচুন বরিশালের সঙ্গে যুক্ত হয়েছি। এবার আমরা নিজেরাই প্রস্তাবিত পদ্মা বিভাগের সঙ্গে মিল রেখে, বিপিএলে নাম দিয়েছি। আর এই খেলাটা যেহেতু বিপিএলের আদলে হচ্ছে, হকিতেও আমরা নাম লেখাতে যাচ্ছি। হকিতে অনেক ভালো করতে পারে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপ যেভাবে হকি নিয়ে কাজ করছে, আমরা যদি একটু সহায়তা করি, তাহলে বাংলাদেশকে হকি দিয়ে প্রতিনিধিত্ব করা যাবে।’

ফুটবল, দাবা ও সাঁতারে বিশাল বিনিয়োগের পর এবার হকিতে সহায়তা দিতে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তাদেরই পরিচালক তরফদার রুহুল সাইফ বলেন, ‘আসলে আমরা তো খেলাধুলার সঙ্গে অনেক দিন ধরেই আছি। আমরা দাবা ও সাঁতার ফেডারেশনের সঙ্গে আছি। ফুটবল থেকে এখন একটু দূরে আছি। সময় দিতে না পারার কারণে একটু সরে এসেছি। এখন হকির সঙ্গে যুক্ত হয়েছি। আসলে আমাদের প্রতিষ্ঠান সবসময়ই ক্রীড়াঙ্গনের পাশে আছে। আমার বাবা একজন ক্রীড়াপ্রমী। উনি খেলাধুলাকে পছন্দ করেন। বাংলাদেশ হকি দল এখন অনেক ভালো করছে। তাই আমরা চাচ্ছি হকিতেও নিজেদের তুলে ধরতে।’ ওয়ালটন হাইটেকের ডিএমডি এমদাদুল হক সরকার বলেন, ‘আপনারা জানেন দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, সব ধরনের খেলায় অংশগ্রহণ করে। এ বছর হকি খেলায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। হকি একটা সম্ভাবনাময় খেলা, তাই ওয়ালটন হকিকে সহযোগিতা করবে।’

একমির কর্মকর্তা ফেরদৌস খান হকির সঙ্গে তাদের প্রতিষ্ঠানের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াজগতে একমি একটি উজ্জ্বল নাম। অনেক আগে থেকে আমাদের প্রয়াত চেয়ারম্যান স্যার (আফজালুর রহমান সিনহা) ক্রিকেট, হকিসহ অনেক খেলার সঙ্গে জড়িত ছিলেন। হকিকে কী করে আরও সমৃদ্ধ করা যায়, কী করে হকির সঙ্গে মানুষকে আরও যুক্ত করা যায়, এসব ভেবেই হকির সঙ্গে আমরা নতুনভাবে যুক্ত হয়েছি।’

ছয়টি বিভাগীয় দল খেলবে এই আসরে। এর মধ্যেই পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠান পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। বাকি একটি অচিরেই চূড়ান্ত হবে বলে জানান এইস-এর প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত