ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ১১৩ জন এবং মোট মৃত্যু হলো ২৬ জনের। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বরের পাঁচ দিনে মোট ৯৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই পাঁচ দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগে গত মাস আগস্টের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ হাজার ৫২১ জন রোগী। সে মাসে মৃত্যু হয়েছিল ১১ জনের। এর আগে জুলাই মাসের ৩১ দিনে রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। সে মাসে মৃত্যু হয়েছিল ৯ জনের। তারও আগে গত জুন মাসের ৩০ দিনে রোগী ভর্তি হয়েছিল ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছিল একজনের। আর গত মে মাসের ৩১ দিনে রোগী ভর্তি হয়েছিল ১৬৩ জন। অর্থাৎ চলতি বছর আগস্ট মাসে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫৭ জন এবং ঢাকার বাইরে ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮০৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৭৪ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৩২ জন।
