চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকায় ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বেলাল হোসেন (৫৫)। তিনি নোয়াখালীর সুধারাম ইউনিয়নের মৃত আবুল বাসারের ছেলে।
সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের বাবু কলোনিতে ভাড়া বাসায় বাস করছিলেন।
নিহতের স্ত্রী নুর জাহানের বরাতে পুলিশ জানায়, আজ সকালে শোকেসের গ্লাস ভাঙা নিয়ে বাবা বেলাল হোসেন ও ছেলে হেলাল হোসেনের (২৮) মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় বাবার হাতে কাস্তে ও ছেলের হাতে ছুরি ছিল। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর বাবা অজ্ঞান হয়ে গেলে ছেলে পালিয়ে যায়। তখন প্রতিবেশীরা তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, লাশের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঠিক কি কারণে মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না।
