লাশ নিয়ে বিক্ষোভ স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি দাবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ এএম

সিদ্ধিরগঞ্জে পিয়াসী আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে মিজমিজি বাতানপাড়া মাদ্রাসা রোড এলাকায় এ বিক্ষোভ হয়। নিহত পিয়াসী আক্তার মিজমিজি ক্যানালপাড় এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে। পুলিশ নিহতের স্বামী ওমর ফারুক (৩৮) ও ভাশুর বিল্লাল হোসাইনকে (৪৫) আটক করেছে। গত সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে পিয়াসী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা মাহমুদা আক্তার শিল্পী বলেন, ‘দুই বছর আগে পিয়াসী আক্তারের সঙ্গে ওমর ফারুকের বিয়ে হয়। এরপর ফারুক আরও দুটি বিয়ে করে। সোমবার জানতে পারি পিয়াসী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমার ধারণা, তার স্বামী তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

সোনারগাঁ থানার এসআই আনিসুর রহমান বলেন, ‘আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত