জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০১৮ সালের র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী কলেজ। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হলে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। এসময় ওই বছরের নির্বাচিত সেরা ৭৬টি কলেজের নাম ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। র্যাংকিংয়ের জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ ৭০.৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ৫টি কলেজগুলো হলো, রাজশাহী কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ এবং কারমাইকেল কলেজ রংপুর। সেরা মহিলা কলেজ ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ, সেরা বে-সরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।
এছাড়া, ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেওয়া হবে।
র্যাংকিং ঘোষণা এদিন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
তিনি সাংবাদিকদের জানান, কার্যসম্পাদন সূচক যেমন একাডেমিক কার্যক্রম, কলেজ ব্যবস্থাপনা, অবকাঠামো, পঠন-পাঠনে শিক্ষার্থী উপস্থিতি প্রভৃতি বিষয়ের প্রেক্ষিতে র্যাংকিংয়ের জন্য মানদণ্ড নির্বাচন করা হয়েছে। এ ধরনের আয়োজন কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার ধারা সৃষ্টি করবে, যা কাজে পর্যায়ে শিক্ষার মানবৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলবে। ভবিষ্যতে অধিক সংখ্যক কলেজ পারফরমেন্স র্যাংকিংএ অংশগ্রহণ করবে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, ২০১৫ সাল থেকে কলেজ র্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা হয়। ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র্যাংকিংয়ের জন্য আবেদন করে। পরে র্যাংকিংয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়া ওপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ কর্মকর্তা বক্তব্য দেন।
