বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ এএম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। গতকাল থেকে বাড়ানো ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ১৬ টাকা। এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার সকালে নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল দুপুর ১টা থেকে এটি কার্যকর হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এ দামের ঘোষণা করেছেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। আ ব ম ফারুক বলেন, সরকারের বিভিন্ন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কমিশন নিয়মিত বাজার তদারক করছে। ভোক্তারা সহনীয় দামে এলপিজি পাচ্ছেন বলেই কমিশন মনে করে। আমদানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৪ টাকা ধরে মূল্য সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

বিইআরসি জানায়, বেসরকারি পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য মূসকসহ কেজিপ্রতি এলপিজি ১০২ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ২৩৫ টাকা। তাই আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে গ্রাহককে ১৬ টাকা বেশি গুনতে হবে।

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে দাম কমার পরও দেশে কমানো যায়নি ডলারের বিনিময় হারের কারণে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বিনিময় হার ৯৫ টাকা ধরে হিসাব করা হলে দেশে দাম কমত। ১৬টি কোম্পানির ইনভয়েস ও ঋণপত্রের কাগজে বিভিন্ন রকম বিনিময় হার পাওয়া গেছে। সব কটির গড় মূল্য ধরে এবারের মূল্য হিসাব করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১০২ টাকা ৮৮ পয়সা ধরে সেপ্টেম্বর মাসে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১৮৫২ টাকা, ২০ কেজির দাম ২০৫৮ টাকা, ২২ কেজির দাম ২২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩০৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম চার হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত