সেলটিকের মাঠে আগেও এসেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। এসি মিলানের হয়ে সেই তিনবারের প্রতিবারেই জিততে ব্যর্থ হন। এবার ইউরোপের সেরা দলটি তার অধীনে। যারা কঠিন দেয়াল ভাঙতে দক্ষ। সেই সঙ্গে লিভারপুলকে গত ফাইনালে হারানো দলটিকেই নামিয়ে দেন আনচেলোত্তি। তাতে ফলটাও হয় দারুণ। স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে বিপক্ষের গোলপোস্ট আর্লিং হালান্ডের শিকার হয়েই চলেছে। তাতে ম্যানচেস্টার সিটিরও পোয়াবারো। এই নরওয়েজিয়ানের জোড়া গোলে পরশু সেভিয়ায় ৪-০ গোলে শুভসূচনা করেছে তারাও।
গত ২৮ মে লিভারপুলকে হারিয়ে ১৪তম শিরোপা জিতেছিল রিয়াল। ওই দলটির একমাত্র কাসেমিরো ছাড়া বাকি ১০ জনই ছিলেন। শুধু মধ্য বিরতিতে করিম বেনজেমা ইনজুরিতে পড়ায় বদলি হিসেবে নামেন ইডেন হ্যাজার্ড। ম্যাচ শেষে বেনজেমার ইনজুরি বড় কিছু নয় বলে নিশ্চিত করেছেন আনচেলোত্তি। ইউরোপের বর্ষসেরার অভাব অবশ্য ভুলিয়েই দিয়েছেন বাকিরা। শুরুর ৪৫ মিনিটে আনচেলোত্তিকে অতীত মনে করিয়ে দেওয়া ফুটবল উপহার দিয়েছিল সেলটিক। তবে বিরতির পর আর টিকতে পারেনি রিয়ালের সঙ্গে। ম্যাচে সময়ের সঙ্গে অভিজ্ঞতার ঝাঁপি মেলে ধরা মাদ্রিদিস্তারা মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় ভিনি জুনিয়রের গোলে। ৫৬ মিনিটে ফেদেরিকো ভালভারদের ডান পাশ থেকে বাড়ানো নিচু ক্রসে গোল করেন ব্রাজিল তারকা। চার মিনিট পর হ্যাজার্ডের মিডফিল্ড থেকে একেক প্রচেষ্টায় উঠে এসে বাড়ানো পাসে গোল করেন লুকা মদ্রিচ। পুরনো রূপে ফেরার আভাস দেওয়া হ্যাজার্ড নিজেও গোল পান ৭৭ মিনিটে। নিজেদের মধ্যে দেওয়া-নেওয়ার ৩৩ পাস শেষে দানি কারভাহালের ক্রস থেকে জানুয়ারির পর প্রথম গোল করেন বেলজিয়ান তারকা।
সেভিয়ায় জোড়া গোল করা হালান্ড চ্যাম্পিয়নস লিগে আরও ভয়ংকর হয়ে উঠবেন বলে জানান পেপ গার্দিওলা। সিটিতে চ্যাম্পিয়নস লিগ জয়ে সম্ভবত নিজের শেষ প্রচেষ্টায় সেরা অস্ত্র পেয়ে খুশি এই স্প্যানিশ। ৫৮ মিলিয়ন ইউরোতে সিটিজেনদের ডেরায় আসার পর গোল করেই চলেছেন এই তরুণ। মাত্র ৭ ম্যাচে দুই হ্যাটট্রিকে করেছেন ১২ গোল। রেড বুল সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ডের পর চ্যাম্পিয়নস লিগে সিটির হয়ে অভিষেকেই গোল করলেন হালান্ড। প্রতিযোগিতায় মোট ২০ ম্যাচে ২৫ গোল হলো তার। অবশ্য গার্দিওলা হালান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করলেও তার ওপরই সব ভরসা করতে নারাজ। ২০ ও ৬৭ মিনিটে হালান্ডের জোড়া গোল ছাড়াও ৫৮ মিনিটে ফিল ফোডেন ও ইনজুরি সময়ে রুবিন ডিয়াজ গোল করেন। এমন দলগত পারফরমই গার্দিওলার চাওয়া।
অন্যান্য ম্যাচে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক স্মরণীয় জয় দিয়ে শুরু করেছে। জার্মানিতে আরবি লেইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে তারা। সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান চ্যাম্পিয়নস লিগে তাদের নতুন শুরু করেছে ড্রতে।
