আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ১৬ দলের এই আসরের প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মেলবোর্ন ও ব্রিসবেনে। আগামী ১০ থেকে ১৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডে খেলা দলগুলোর প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ সুপার ১২ পর্বের স্থান অর্জন করা দলগুলো ১৭ ও ১৯ অক্টোবর নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রিসবেনে।
প্রস্তুতি ম্যাচের সূচি আজ বৃহস্পতিবার আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে। এই ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টির মযাদা পাবে না।
আগামী ১০ অক্টোবর জংশন ওভালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। স্থানীয় সময় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে ওভালে বিকেল ৩টায় স্কটল্যান্ডকে মোকাবেলা করবে নেদারল্যান্ড। সন্ধ্যা ৭ টায় শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে।

আগামী ১৭ অক্টোবর অ্যালান বোর্ডার ফিল্ডে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। দুই দিন পর একই মাঠে সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় গা গরমের ম্যাচ খেলবেন সাকিবরা।
১৭ অক্টোবর বিশ্বকাপের আয়োজক দেশ ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দ্য গাবাতে ভারতের বিরুদ্ধে প্রথম এবং একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে। দুইদিন পর একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের।
আগামী ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে শ্রীলংকার খেলা দিয়ে জিলংয়ে বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হবে।
