আইনমন্ত্রী বললেন

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেবে না সরকার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ এএম

আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ¦ালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কালামপুরে সাবরেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যারা প্রকৃত অপরাধী, যাদের নামে আগেই মামলা ছিল, তাদের গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনছে। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।’ তবে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

সাবরেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি সাবরেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যেকোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ-প্রাপ্ত আসামি এবং বিভিন্ন মামলায় জামিনেও আছেন। তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই চিকিৎসা নিতে হবে। দ-প্রাপ্ত হওয়ায় তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমদ, সাবেক এমপি এমএ মালেক, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত