বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যখন দেশের মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে, তিস্তার পানি দেওয়া হচ্ছে না, তখন প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে নেচে-গেয়ে উৎসব করছেন। আসলে তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছেন।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের দোতলার মিলনায়তনে ‘রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার হাওরের ওপর দিয়ে উড়াল সেতু নির্মাণ প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকা বাজেট দিয়েছে। নির্ধারিত সময়ে উড়াল সড়ক হবে না, তখন দেখা যাবে বাজেট বেড়ে গিয়ে ২৬ হাজার কোটি টাকায় পরিণত হয়েছে। এই উড়াল সড়কের প্রয়োজন আছে কি না, এই উড়াল সড়কে কত গাড়ি চলবেÑতা ভাবা হচ্ছে না। আজকে বাংলাদেশের অর্থনীতিতে এই সমস্ত মেগা প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট নেওয়া হচ্ছে। এখনো তারা বলে যে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই অবস্থা হবে।’
তিনি বলেন, ‘যে দেশে এখনো ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারে না, যেদেশের মানুষ স্বাস্থ্যসেবা সঠিকভাবে পায় না, যাদের ছেলে-মেয়েরা এখনো বিএ-এমএ পাস করে কোনো কর্মসংস্থান নেই। তারা মোটরবাইক চালাচ্ছে, রিকশাভ্যান চালাচ্ছে, শ্রমিক ভ্যান চালাচ্ছে; সেখানে সরকার বলছে, উন্নয়নের রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ। এই কথাগুলো বলে মানুষকে প্রতারণা করে, মানুষের সঙ্গে পুরোপুরি একটা বেঈমানি করে গণতন্ত্রবিনাশী একটা শক্তি হয়ে ওঠে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বইটির লেখক ও কলামিস্ট মো. হারুন অর রশিদ, প্রকাশক জহির দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় নেতা সরদার মো. নূরুজ্জামান প্রমুখ।
