এমপি লিটন হত্যা মামলার ফাঁসির আসামি চন্দন গ্রেপ্তার: র‍্যাব

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৯ পিএম

গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে এক বার্তায় র‌্যাব জানায়, গ্রেপ্তার চন্দন কুমার রায় ওই হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী। তাকে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে রোববার রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাসভবনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।

এরপর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আসামি করে মামলা করে পুলিশ। ২০১৯ সালের ২৮ নভেম্বর গুলি করে হত্যার এ ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানসহ সাত আসামির সবার ফাঁসির রায় দেয় আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রধান আসামি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে লিটনের আগে সংসদ সদস্য ছিলেন। অন্যরা তার ঘনিষ্ট লোকজন।

এরা হলেন তার একান্ত সহকারী মো. শামছুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী মেহেদি হাসান, দূর সম্পর্কের ভাগ্নে ও বাড়ির তত্ত্বাবধায়ক শাহীন মিয়া, সাবেক পোশাকশ্রমিক আনোয়ারুল ইসলাম রানা ও পলাতক চন্দন কুমার রায়।

মামলার অভিযোগপত্রভুক্ত অপর আসামি কসাই সুবল চন্দ্র রায় কারাগারে অসুস্থ হয়ে মারা যান।

চন্দনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে বলে রোববার র‌্যাবের বার্তায় জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত