গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিস জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম চন্দন কুমার রায়। গতকাল রবিবার রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, লিটন হত্যা মামলায় আদালত হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে ২০১৯ সালের ২৮ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেয়। চন্দন ছাড়াও আরও ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রদানের পর থেকেই লিটন পলাতক ছিলেন। এরপর পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে। টানা ৩ বছর পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়।
এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রধান আসামি জাতীয় পার্টির সাবেক সাংসদ কর্নেল (অব.) আব্দুল কাদের খানসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কাদের খানকে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের মধ্যে তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদী, শাহীন ও রানা কারাগারে বন্দি। আসামি সুবল চন্দ্র রায় কারাগারে মারা গেছেন। এ মামলায় একমাত্র আসামি হিসেবে পলাতক ছিলেন চন্দন কুমার রায়।
