নিম্নচাপে উত্তাল সাগর, গোসলে সতর্কতা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজার সৈকতের লাইফ গার্ড কর্মীরা গোসলে সতর্ক করছেন পর্যটকদের।

সোমবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। 

আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে উপকূলে ঝড়ো হাওয়া বইছে। নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে করে কক্সবাজারের উপকূলীয় এলাকা কুতুবদিয়া, ধলঘাটা, মাতারবাড়ীসহ জেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। 

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় রোববার থেকে সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। 

কক্সবাজার সৈকতে নিয়োজিত বিচকর্মী বেলাল জানিয়েছেন, সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত