ডিভিআর মেশিন নষ্ট হওয়ার কারণে প্রায় ৬ মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে বসানো সিসি ক্যামেরাগুলো। অপরাধীদের শনাক্ত করার জন্য প্রায় ৪ লাখ টাকায় বসানো এসব ক্যামেরা এখন আর কোনো কাজে আসছে না। থানা-পুলিশ বলছেন, ক্যামেরাগুলো সচল করতে যে পরিমাণ টাকা দরকার, তা তাদের কাছে নেই। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং এবং অপরাধীদের শনাক্ত করতে প্রায় এক বছর আগে পীরগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে বৈদ্যুতিক খুঁটিতে ২৬টি সিসি ক্যামেরা বসানো হয়। এতে পৌর শহরের পূর্ব চৌরাস্তা, বটতলা ও উপজেলা পরিষদসহ গুয়াগাও বাসস্ট্যান্ড থেকে জেডি ফিলিং স্টেশন, পুরোনো রাইস মিল হতে নেতার মোড়, সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে টিঅ্যান্ডটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কসমূহ সিসি ক্যামেরার আওতায় আসে। ক্যামেরাগুলো চালু থাকাকালীন শহরে প্রকাশ্যে অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছিল। প্রায় ৬ মাস আগে থানায় বসানো ক্যামেরাগুলোর মেইন ডিভিআর মেশিন নষ্ট হওয়ার কারণে সব ক্যামেরা অচল হয়ে পড়ে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিভিআর মেশিনটি বজ্রপাতে নষ্ট হওয়ায় সিসি ক্যামেরাগুলো সচল নাই। সেটি বদল করতে অর্ধলক্ষাধিক টাকা দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে বা উপজেলা প্রশাসন উদ্যোগ নিলে ক্যামেরাগুলো চালু করা সম্ভব।’
উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন, ‘বিষয়টি উপজেলা পরিষদের সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
