আগামী জাতীয় নির্বাচনের আগে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ নিশ্চিত করা সরকারের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাসিফ। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রদানকালে তিনি এমন কথা বলেন।
নাদা আল-নাসিফ গত মাসে বাংলাদেশে জাতিসংঘের তৎকালীন মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সফরের কথা উল্লেখ করে বলেন, মতপ্রকাশে কড়াকড়ির বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং নিষেধাজ্ঞামূলক আইনগুলো পর্যালোচনায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের সহায়তার প্রস্তাব দিয়েছেন। সে সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং র্যাবসহ আইনপ্রয়োগকারী সংস্থার ‘জোরপূর্বক গুম’র অভিযোগ তদন্তে একটি ‘স্বাধীন, বিশেষ ব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেন।
নাদা আল-নাসিফ বলেন, পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মেরুকরণের যে পরিবেশ বিরাজমান সে অবস্থায় সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক এবং ভিকটিম পরিবারের সদস্যদের কোনো প্রকার নিবর্তন অথবা নিষেধাজ্ঞায় রাখা যাবে না যাতে করে তাদের মানবাধিকারের পক্ষে কথা বলা ব্যাহত না হয়, সরকারকে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
