নিরাপদ বাসস্থান গড়ে তুলতে দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। বেসরকারি খাতে সফল পদচারণের পর এবার প্রতিষ্ঠানটি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে। সরকারের মেগা প্রকল্পসহ উন্নয়ন প্রকল্পগুলোতে রূপায়ণ গ্রুপকে অংশীদার করার ব্যাপারে আশ্বস্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তার সঙ্গে গতকাল সোমবার সাক্ষাৎ করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এ সময় সরকারের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে উন্নয়ন প্রকল্পগুলোতে অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সরকারের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তাতে আমরা অংশগ্রহণ করতে চাই। আমাদের সেখানে সুযোগ দিলে উন্নয়নের ধারাবাহিকতায় অংশীদার হতে পারব। মেগা প্রকল্পগুলোতে সরকারের সঙ্গে উন্নয়নে স্বাক্ষর রাখতে চাই আমরা। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ রেখে উন্নয়ন চালিয়ে যেতে চাই।’
বেসরকারি কোম্পানিগুলোকে উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরাও চাই দেশের বড় কোম্পানিগুলো সরকারের উন্নয়নের অংশীদার হোক। তারাও এগিয়ে আসুক। বড় বড় প্রকল্পে সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসুক। দেশের উন্নয়নে আপনাদের অনেক অবদান।’
রূপায়ণ গ্রুপের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সরকারের বেকারত্ব দূর করার উদ্যোগে আপনাদের অবদান অনেক। রূপায়ণ গ্রুপ সরকারের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করুক, এটি আমরাও চাই।’
বৈঠকে উপস্থিত ছিলেন রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের উপদেষ্টা ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বসু এবং পরিচালক লে. কর্নেল (অব.) কবির উদ্দিন আহমেদ।
