রংপুরে মেয়েকে ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৩ বছরের মেয়েকে নিয়ে স্ত্রীসহ বসবাস করতেন অভিযুক্ত। জীবিকা নির্বাহ করতে তিনি ও তার স্ত্রী স্থানীয় বাজারে চায়ের দোকানে কাজ করতেন। দিনের বেলায় এরই এক সময়ে তার স্ত্রী দোকানে বসার সুযোগে বাড়িতে গিয়ে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন ওই্ ব্যক্তি।

পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে ২০১৭ সালের ১১ মার্চ সকালে আবারও ধর্ষণের শিকার হলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের আসেন ওই কিশোরী।

পরে রংপুর নগরীর শাপলা চত্বর বাসস্ট্যান্ডের কাছে এক অটোরিকশা চালক ওই কিশোরীকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। তাকে উদ্ধার করে ঘটনাটি জানতে পেরে কিশোরীর মা বাদী হয়ে ২০১৭ সালের ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামী মমিনুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এর রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন জানান, বাবা তার নিজ মেয়ের উপর বড় অন্যায় কাজ করেছেন, যা কোনোভাবেই সভ্য সমাজের জন্য কাম্য নয়। তাই দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত