সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রদত্ত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন এবার ১১ জন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিগারের নেতৃত্বে এই বছরের শুরুতে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। বাছাইয়ে দারুণ আধিপত্য বিস্তার করে বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা লাভ করেছিল তারা। প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ রানের ঐতিহাসিক জয়ও পায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই খেলতে এখন বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে পাঠানো ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ জয়ের অনুভূতি প্রকাশ করে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন।
ভিডিও বার্তায় নিগার বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ডের ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে আমাকে মনোনীত করায় আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক গর্বের বিষয়, যা আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।’
