শ্রীলংকার এভাবে ফিরে আসা সোহানের কাছে অনুপ্রেরণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

বেশ অনেকদিন ধরে শ্রীলংকা দল ভালো করছিল না। এশিয়া কাপেও তারা ছিল না ফেভারিটের তালিকায়। শুরুটাও করেছিল আফগানিস্তানের সঙ্গে বাজেভাবে হেরে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে জয়ের পর তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অবিশ্বাস্য। ফাইনালে অবাক করা ফর্ম দেখিয়ে হয়েছে এশিয়ার সেরা। লংকানদের এভাবে ফিরে আসা অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। ত্রিদেশীয় সিরিজে একটা জয়ই টাইগারদের ড্রেসিং রুমের দৃশ্যপট বদলে দিতে পারে। শ্রীলংকার কাছ থেকে শিক্ষা নিয়ে তা মাঠে প্রয়োগ করতে চান তিনি।

সোহান বলেন, ‘বেশ কিছুদিন ধরে শ্রীলংকা দল ভাল করছিল না। কিন্তু এশিয়া কাপে যেভাবে তারা কামব্যাক করেছে সেটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার জায়গা। শুধু শ্রীলংকা না সব দল থেকেই কিছু না কিছু শেখার আছে। আমরা মনে করি আমরা খুব ভাল দল কিন্তু অঅমাদের মাঠে ফলটা আনতে হবে। এজন্য আমাদের কাছে প্রসেসটা গুরুত্বপূর্ণ। শ্রীলংকার মধ্যে কি আছে এটা বলা আসরে কঠিন। প্রথম ম্যাচে হারের পর ওরা ভাল ভাবে কামব্যাক করেছে। হতে পারে মানসিক ভাবে অনেক বেশি শক্ত ছিল ওরা যেটা মাঠে পারফরমে প্রভাব ফেলেছে। আমরাও যদি একদুটা ম্যাচ জিতি বিশ্বকাপে বা নিউজিল্যান্ডে তাহলে আমাদের দলের ভেতরটাও বদলে যাবে।’

আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ জিতলে দলের আত্মবিশ্বাস বাড়বে জানিয়ে সোহান বলেন, ‘যখন একটা দল জেতার অবস্থায় আছে তখন দলের পরিস্থিতি বদলে যায়। আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরেছি, যেহেতু হারার সাইডে ছিলাম এটা অনেক সময় প্যানিক করে। আমরা এক-দুটা ম্যাচ জিতলে এই জায়গা থেকে উন্নতি হবে, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা দল হিসেবে ভাল কিন্তু আমরা হয়ত সেরাটা দিতে পারছি না, তবে জয়ের দিকে আসলে আমরা বদলে যাব।’

চোট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাথা তো থাকবেই। ব্যাথা কমিয়ে যতটুকু পারা যায় খেলতে হবে। এটা বড় কোন ব্যাপার হবে না। আমি এটা নিয়ে কনসার্ন না। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।’

অধিনায়ক ও খেলোয়াড়ের দায়িত্ব আলাদা বলে মনে করেন সোহান, ‘যখন দলে আমরা খেলতে নামি তখন অধিনায়কের দায়িত্ব একরকম থাকে। কিন্ত প্রতিটা ক্রিকেটার অনেক ম্যাচ খেলেছে সবার একটা দায়িত্ব থাকে। তো আমরা সবাই আলাদা দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে সাকিব ভাইয়ের জন্য ভাল হবে।’

সোহান যোগ করেন, ‘আমাদের অভিজ্ঞ যারা আছেন। তাদের অবদান আমাদের ক্রিকেটের প্রতি অন্যরকম। ওনারা আমাদের অনেকদূর নিয়ে গেছে। এখন আমরা যারা আছি আমাদের কাজ হল এই অবস্থা থেকে আরও এগিয়ে যাওয়া।’

বাংলাদেশ দলটা একদম তরুণ দল কিনা জানতে চাইলে সোহান বলেন, ‘এভাবে বলব না, আমরা অনেকেই হয়ত ৫-৬ বছর ধরে খেলেছি অনেক বেশি ম্যাচুয়রডও সবাই। প্রিমিয়ার লিগে অনেক ম্যাচ খেলেছে। বিশ্বকাপ হয়ত অনেকের জন্য প্রথম। বাংলাদেশের জন্য আমরা সবাই জয়ের জন্যই নামি। এ জিনিসিটা খুব বেশি প্রভাব ফেলবে না। দল হিসেবে আমরা যদি খেলতে পারি, আগে থেকে ফল নিয়ে না ভেবে যদি প্রসেসটা ফলো করতে পারি তাহলে ভাল কিছু আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত