মুন্সীগঞ্জে আগুনে পুড়ল বিপুল পরিমাণ পাটখড়ি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটখড়ি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্তূপ করে রাখা পাটখড়িতে ওই অগ্নিকাণ্ড ঘটে।

৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন মালিক।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, গোয়ালীমান্দ্রা গ্রামের জৈনদ্দিন শেখ, অহিদুল গাজী, চাঁন মিয়া ও মো. রফিক ২০ শতাংশ জায়গার উপর পাটখড়ি স্তূপ করে রাখেন। সেখান থেকেই তারা ওই পাটখড়ি খুচরা এবং পাইকারি দরে বিক্রি করে থাকেন।

সকালে হঠাৎ করেই পাটখড়ির স্তূপে আগুনের ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে জেলার লৌহজং ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা পৌনে ১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত