উন্নয়নশীল দেশে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) উন্নয়ন সহযোগিতার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অর্থমন্ত্রী এ সহযোগিতা চান।
অর্থমন্ত্রী সামগ্রিকভাবে উন্নয়ন অভীষ্ট অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর আশাবাদ ব্যক্ত করে বলেন, এডিবি ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে। মহামারী কাটিয়ে উঠতে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই সহযোগিতা করেছে বলে জানান। সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পের জন্য চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জন্য ২০০ কোটি ডলারের ঋণসহায়তা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এডিমন গিন্টিং।
এডিমন গিন্টিং বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে এডিবি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এডিবি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন, জ¦ালানি, পানিসম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।
