প্রশাসক নিয়োগ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ পিএম

নির্বাচিত বৈধ কমিটি কার্যনির্বাহী কমিটি না থাকায় আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত সোমবার জারি করা আদেশে বলা হয়েছে, দাউদুল ইসলাম দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সংগঠন। তাই বাণিজ্য সংগঠন আইন, বিধিমালা ও সংঘবিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। সংগঠনটির অডিট রিপোর্ট ও নির্বাচনের কোনো কাগজপত্র নথিতে পায়নি মন্ত্রণালয়। 

আদেশে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে ২০০৭-০৮ সালে পক্ষে-বিপক্ষে আদালত ও এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইবুন্যালে ১২টি মামলা হয়। উক্ত মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রমে বর্তমানে আইনগত বাধা বা প্রতিবন্ধকতা না থাকায় বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত