সাফজয়ী নারী খেলোয়াড় ও কোচসহ সবাই পেছনে দাঁড়িয়ে, আর মঞ্চে বসা বাফুফে কর্তারা। এ নিয়ে সমালোচনার ঝড় উঠে বুধবার রাত থেকেই। এ নিয়ে পরিস্থিতি যখন কিছুটা উত্তপ্ত, সবাইকে শান্ত করতে এগিয়ে এলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে ছবিতে যা দেখা গেছে, তেমন কিছু নাকি ঘটেইনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে সাবিনা অনুরোধ করেছেন, ঘটনাটা যেন নেতিবাচক চোখে না দেখা হয়।
সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে শোভাযাত্রার মধ্য দিয়ে বাফুফে ভবনে নিয়ে আসা হয়। সেখানে সংবাদ সম্মেলনে সাবিনা ও কোচের দাঁড়িয়ে থাকার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে। এসব ছবি দেখে বাফুফেকে অপেশাদার বলে সমালোচনায় মুখর হন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
আজ সাবিনা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংবাদ সম্মেলনের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। যেখানে দেখা যায়, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পাশে বসে মাইক্রোফোনের সামনে কথা বলছেন সাবিনা।
সাবিনার বক্তব্য শেষ হওয়ার পর নারী দলের কোচ গোলাম রব্বানীর কাছে প্রশ্ন রাখেন সংবাদকর্মীরা। গোলাম রব্বানী তখন ভিড়ের মধ্যে পাশে দাঁড়িয়ে ছিলেন। তার কথা বলার সুবিধা করে দিতে সাবিনা ‘স্যার, আপনি এখানে আসেন’ বলে নিজের চেয়ার ছেড়ে পেছনে দাঁড়ান। গোলাম রব্বানী এসে সাবিনার চেয়ারে বসে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর দেন। পরে একসময় অবশ্য অধিনায়ক ও কোচকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সাবিনা টিভি চ্যানেলের এই ফুটেজ শেয়ার করে লিখেছেন, ‘আমার বিনীত অনুরোধ, এটাকে কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। নেতিবাচক চোখে দেখে দয়া করে আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না। আসুন সবাই ইতিবাচক হই এবং উপভোগ করি। শুধু বলতে চাই, আমরা আপনাদের ভালোবাসি।’
