ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বন্দর নগরী চট্টগ্রামে বিনিয়োগের জন্য যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার এবং যুক্তরাজ্যের পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দ্বিপাক্ষিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতার লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজা আলী, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ বক্তব্য রাখেন।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পরিচালিত হয় দেশের ৯০ শতাংশের অধিক আমদানি-রপ্তানি কার্যক্রম। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরী। ওয়ান টাউন টু সিটি গড়ে তোলা হচ্ছে কর্ণফুলী টানেলকে ঘিরে। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের চট্টগ্রাম বিনিয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সঙ্গে চিটাগাং চেম্বারের এই সমঝোতা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোর্টস মাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজা আলী বলেনÑ বন্দর সুবিধার কারণে দুই অঞ্চলের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটি ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে।
