টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালে তাকে এই কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।
দন্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের পচগাঁওয়ের কালু সিকদারের ছেলে এবং দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, ওই কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল ইয়াছিন সিকদারের ছেলে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের মোবাইল ফোনে চলে আসে। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইয়াছিন সিকদারের মোবাইল ফোনটি জব্দ এবং তাকে আটক করেন। পরে চলমান পরীক্ষা পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র তার মোবাইলে পাওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারদ- দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১১ ধারা অনুযায়ী কারাদন্ড দেওয়া হয়েছে।
