সর্বোচ্চ ৪৪০ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ এএম

এ বছরের সর্বোচ্চ ৪৪০ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায় (২৩ সেপ্টেম্বর সকাল ৮টা-২৪ সেপ্টেম্বর সকাল ৮টা)। এ সময় ৩২৫ জনই ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে, যা মোট রোগীর ৭৪ শতাংশ। বাকি ১১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরে। এর আগে এ বছর দৈনিক সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিলেন ২০ সেপ্টেম্বর ৪৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী এ বছর এখন পর্যন্ত দেশের ৫৪ জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। ১৪ জেলায় এখনো কোনো রোগী হাসাপাতাল ভর্তি হননি। জেলাগুলো হলোÑ ময়মনসিংহ, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী, ব্রাক্ষণবাড়িয়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঝালকাঠি, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এ ছাড়া এখনো পাঁচ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির কোনো রেকর্ড নেই। এগুলো হলোÑ খুলনা, বগুড়া, রাজশাহী, রংপুর ও সিলেট জেলার মেডিকেল কলেজ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৬৭ জন। এই বিভাগের কক্সবাজার জেলায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, চট্টগ্রাম জেলায় ৮ জন ও ফেনীতে ২ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ১৫ জন, বরিশালে ৯ জন, রংপুরে ২ জন ও ঢাকা বিভাগের মুন্সীগঞ্জে একজন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ নিয়ে গতকাল পর্যন্ত এ বছর সারা দেশে ১৩ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৩৪ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ২৭২ জন ও ঢাকার বাইরে ৩৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০ জনের। গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত