প্রধানমন্ত্রীর মুখে শান্তির কথা মানায় না : ফখরুল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৬ এএম

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখে শান্তির কথা বেমানান। কারণ দেশে তিনি বিরোধীদলীয় নেতাকর্মীদের খুন, গুম করে চলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাব গুম ও খুন করায় তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে।’

গতকাল শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন,  ‘দেশে এখন এক ব্যক্তির শাসন ও এক ব্যক্তির মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতাসীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার মানুষকে কষ্ট-যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারেনি। বর্তমান সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে র‌্যাবের সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই; কারণ তারাই সেই সবের নির্দেশদাতা। তাদের ওপরই সবার আগে নিষেধাজ্ঞা আসা প্রয়োজন।’

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুবদলের কর্মী শাওনের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘২৫ থেকে ২৬ বছরের একটি যুবক ছোট্ট বাচ্চা, মা-বাবা সবাইকে বাঁচিয়ে রাখতে অটোরিকশা চালাত। আন্দোলনের কর্মসূচিতে সবার সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে এ ভয়াবহ ফ্যাসিস্ট, গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে আহত হয়ে মারা যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যে কারণে আমরা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই একই জিনিস নিয়ে এখনো আমাদের লড়াই করতে হয়। এখনো প্রাণ দিতে হচ্ছে, রাজপথে নামতে হচ্ছে এবং চিৎকার করতে হচ্ছে অধিকারের দাবিতে।’

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্য দেন।

কমিটির আহ্বায়ক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

কমিটির সদস্য সচিব এ বি এম ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত