সাফজয়ী নারী ফুটবলারদের আনন্দের ঘোর এখনো হয়ত কাটেনি। একই সঙ্গে থামেনি তাদের জন্য পুরস্কার ঘোষণাও। কাল নারী দলের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর আলাদাভাবে পুরো দলকে সংবর্ধনাও দেবে তারা। এ ছাড়া হারানো টাকা না পেলেও ক্ষতিপূরণ পেয়েছেন সানজিদা ইসলাম ও কৃষ্ণা রানী সরকার। বাফুফে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ ব্যক্তিগতভাবে তাদের হারানো টাকা দেন। এছাড়া এক ফুটবলারের শখ পূরণ করে একটি আইফোনও কিনে দেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে নারী ফুটবলারদের পুরস্কার ও সংবর্ধনার ঘোষণা আসে কাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তমা গ্রুপ ও কনভয় গ্রুপ নারীদের জন্য ৫০ লাখ টাকা করে দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করে।
এদিকে ঢাকায় হাসি ফুটেছে অর্থ হারানো ফুটবলারদের মুখে। শনিবার তাদের হারানোর টাকার চেয়েও বেশি দিয়েছেন মাহফুজা আক্তার। কৃষ্ণা রানী হারানো ৫০০ ডলার ও ৫০ হাজার টাকার বদলে পেয়েছেন দেড় লাখ টাকা। শামসুন্নাহার সিনিয়র ৪০০ ডলার হারালেও পেয়েছেন ১ লাখ আর সানজিদা ৪০০ ডলার হারালেও পেয়েছেন তার চাওয়ার আইফোন। দায়িত্ববোধ থেকেই মেয়েদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ‘সানজিদা ও কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা দিয়ে দিয়েছে বাফুফে। বাচ্চা মেয়েদের টাকা হারিয়ে গেছে। আমাদের তো ব্যক্তিগত দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে দিয়ে দিয়েছি। এই কারণে যে তারা যেন খুশি থাকে। মাহফুজা আক্তার কিরণের ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।’
তিন ফুটবলারই হারানো সম্পদের চেয়ে বেশি পেয়ে খুশিতে আপ্লুত।
