ধর্মসভায় যোগ দিতে অতিরিক্ত যাত্রী নৌকায় ওঠে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানায়।

রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তারা জানায়, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) মহালয়া উপলক্ষে ধর্মসভার আয়োজন করা হয়। এ ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ অন্যান্য এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা যোগে যাচ্ছিল। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসে। তবে সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। তারা পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধার তৎপরতা শুরু হয়।

তারা আরো জানায়, চারটি নৌকা পারাপারের জন্য চলাচল করলেও অতিরিক্ত যাত্রীর চাপে বিপুলসংখ্যক মানুষ নদী পার হতে অপেক্ষায় থাকে। একপর্যায়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নৌকায় উঠলে মাঝ নদীতে সেটি ডুবে এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়ের করতোয়ায় নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাৎক্ষণিক বেশ কিছু শিশু ও নারী মারা যাওয়ার কথা জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানা যাবে। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছেন। মৃত ব্যক্তি সৎকারের জন্য তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার এবং আহত প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।  

এ দিকে নৌকাডুবি তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তথ্যকেন্দ্রও খোলা হয়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিকালে সাংবাদিকদের বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

নিহতদের ১২ জন নারী, শিশু আট এবং পুরুষ চারজন। ২০ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলো, বোদা উপজেলার মাড়েয়া ফুটকিবাড়ী গ্রামের পলি রানী (১৪), দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা খালপাড়া গ্রামের লক্ষ্মী রানী (১৫), পশ্চিম শিকারপুর গ্রামের অমল চন্দ্র (৬৫), মাড়েয়া বামনপাড়া গ্রামের শোভা রানী (১৭), শালডাঙ্গা হাড়িডোবা গ্রামের দিপন কর (৩), বোদা উপজেলার মাড়েয়া বামনপাড়া গ্রামের প্রিয়ন্ত (আড়াই বছর), খুকি রানী (৩৫), ডাঙ্গাপাড়া গ্রামের প্রমিলা রানী (৫৫), ছত্র শিকারপুর  গ্রামের তারা রানী (২৪), পাঁচপীর বংশিধর গ্রামের শোলেকা রানী (৬০), মাড়েয়া শিকারপুর প্রধানপাড়া গ্রামের ফাল্গুনী রানী (৫৫), পাঁচপীরের প্রমিলা রানী (৭০), দেবীগঞ্জ তেলীপাড়া গ্রামের ধনো বালা (৪৭), পাঁচপীর বংশিধর গ্রামের সুমিত্রা রানী (৫৭), ময়দানদিঘী চকপাড়া গ্রামের সফলতা রানী (৪০), মাড়েয়া বামনহাটের শিমলা রানী (৩৫), বড়শশি কুমারপাড়া গ্রামের হাচান আলী (৫২), আলোকপাড়া গ্রামের উশোশি (শিশু), হাড়িডোবা গ্রামের তনুশি (শিশু), পাঁচপীর মদনহাটের শ্রেয়শী (শিশু)।

বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।

এ ঘটনায় ঘটনায় শোক বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

শোক বার্তায় তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় নৌকাডুবিতে ২৪ জন নিহত ও আরো অনেকে নিখোঁজ রয়েছে। যাত্রীরা মহালয়া উপলক্ষে পূজা অনুষ্ঠানে যোগদানের জন্য শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শোক বার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত