শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে বিশেষ সম্মাননা পেলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রতিবছর একজনকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময় শর্মিলা ঠাকুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাজ কুমার রাওসহ বেশ কয়েকজন পরিচালক ও অভিনেতা এ সম্মাননা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে খবরটি নিজেই জানিয়েছেন নির্মাতা। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এ বছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেওয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হচ্ছে আমার যাত্রা শুধু শুরু, যেতে হবে আরও অনেক দূর।’
বর্তমানে উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন এই নির্মাতা। এমন সম্মাননা পাওয়ায় খুশি তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফারুকী বলেন, ‘আমি সামান্য একজন ফিল্মমেকার। তারপরও যখন আমার কোনো কাজ বা কোনো ভাবনা কোনো দর্শকের মন স্পর্শ করে, আমি খুব কৃতজ্ঞ বোধ করি। কারণ, ফিল্ম মেকিং আমার কাছে দর্শকের সঙ্গে চলা এক দীর্ঘ সময়ের কথোপকথন। যেকোনো পুরস্কার বা ভালোবাসামাখা কথাকে সেই কথোপকথনের একটা অংশ বলা যেতে পারে। ভালোবাসা পেলে তো কেবল ধন্যই হই।’ পুরস্কার ঘোষণার আগে ফারুকীকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের নিউ ওয়েব আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি হিসেবে। বাংলাদেশ থেকে তিনবার তার সিনেমা অস্কারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সিনেমা বুসান, মস্কো, কলকাতাসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে। ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসবটি। শেষ হয়েছে গতকাল। শনিবার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি দেখানো হয়।
