এসএসসির হল পরিদর্শনে মহিলা ভাইস চেয়ারম্যান!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ এএম

পাবলিক পরীক্ষার হল পরিদর্শন ও সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক বেবী নাজনীন।

গত রবিবার মহম্মদপুরে এসএসসি পরীক্ষার একটি হল পরিদর্শনে যান তিনি। হল পরিদর্শনের একটি ছবি ওই দিন রাতে পোস্ট করেন স্থানীয় এক সাংবাদিক। এরপর থেকে তার পরীক্ষার হল পরিদর্শনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘কোনো জনপ্রতিনিধির পাবলিক কোনো পরীক্ষার হল পরিদর্শনের সুযোগ নেই। উনি কেন্দ্র পরিদর্শনের জন্য অনুমতি চেয়েছিলেন। আমি নিয়মের কথাটি তাকে জানিয়েছিলাম।’ তবে বেবী নাজনীন দাবি করেন, ‘আমি ইউএনওর অনুমতি নিয়েই পরিদর্শনে গিয়েছি।’

জানা গেছে, বেবী নাজনীন রবিবার মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। তার হল পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করেন তার সঙ্গে থাকা এক সাংবাদিক।

মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের জানান যে, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের অনুমতি নিয়ে হল পরিদর্শনে এসেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত